আর কত লিখবো? ইচ্ছে করে সবগুলো লেখাকে গলা টিপে হত্যা করি।
প্রতিটি শব্দকে নখরের আঁচড়ে ফালাফালা করে পঙ্গু করি অনুভূতির আত্মাকে।
এ আমার জিঘাংসা, এ আমার অপরিণত ভালোবাসার অভিক্ষেপ।
আমি জানি আমি আমার সামনেই বারবার লেখাগুলো মুছে যায়।
কী হবে এই অনুভূতিদের দিয়ে, যখন অনুভূতিরা অপসৃয়মান সূর্যের মতন।
ভালোবাসারা ছিটকে বের হয়ে আসে হৃদয়ের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে।
বেলা শেষে লজ্জায় আর অধোবদনে ফিরে যায় ছোট্ট কুঠুরিতে
যেখানে অনেক সীমানা, অনেক নিয়মের বাগান সাজানো।